প্রকাশকাল শুক্রবার, 27 জানুয়ারী 2012 15:11
সিলেটের বিশ্বনাথে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হয়েছেন যুবদল নেতা ফুল মিয়া (২৯), তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল ২৭ জানুয়ারী শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ফুল মিয়াকে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা। লাশের পাশে এক জোড়া জুতা পাওয়ায় পুলিশ খুনি শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় ফুল মিয়ার চাচা বাদী হয়ে স্থানীয় খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আসামি করে হত্যা মামলা করেছেন। বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া বলেন, ফুল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ব্যাপার নিহতের চাচা আফতাব আলী বাদী হয়ে সাবেক ইউপি সদস্য দুদু মিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ খুনি শনাক্ত করার চেষ্টা করছে। বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ নূর-উদ্দিন ও খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউসুফ আলী বলেন, নিহত ফুল মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেন। খুনের ঘটনা রাজনৈতিক না ব্যক্তিগত এ ব্যাপারে তাঁরা পুলিশকে খতিয়ে দেখার অনুরোধ করেন।